নিরামিষ আহারে মোচার পাতুরি: জেনে নিন তৈরির সহজ পদ্ধতি
মাছ বা মাংসের পাতুরি তো অনেকেই খেয়েছেন, তবে নিরামিষ পদ হিসেবে মোচার পাতুরি এক অনন্য সংযোজন হতে পারে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। এর জন্য প্রয়োজন মোচা, ছোলার ডাল, নারকেল কোরা, সর্ষেবাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, নুন ও চিনি।
প্রথমে মোচা মিহি করে কুচিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ছোলার ডাল বেটে নিতে হবে। একটি বড় পাত্রে ভাপানো মোচা, ডাল বাটা, নারকেল কোরা, সর্ষেবাটা এবং মশলাপাতি দিয়ে ভালো করে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি কলাপাতা ছোট টুকরো করে কেটে তার মধ্যে সামান্য তেল মাখিয়ে মাছের পাতুরির মতো মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে।
সবশেষে কড়াইতে সামান্য তেল গরম করে মোচার পাতুরিগুলো দিয়ে মৃদু আঁচে প্রায় ১৫ মিনিট ধরে উল্টেপাল্টে রান্না করলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা মোচার পাতুরি। গরম ভাতের সঙ্গে এই নিরামিষ পদটি পরিবেশন করলে তা ভোজনরসিকদের মন জয় করতে বাধ্য।