রানওয়ে ছাড়াই উড্ডয়নে সক্ষম হাইব্রিড-ইলেকট্রিক বিমান তৈরির উদ্যোগ

আঞ্চলিক আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে এক নতুন অধ্যায় তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে ইলেকট্রা নামক একটি প্রতিষ্ঠান। তাদের উদ্ভাবিত ইএল৯ আলট্রা শর্ট নামের এই হাইব্রিড-ইলেকট্রিক বিমানটি রানওয়ে ছাড়াই উড্ডয়ন ও অবতরণে সক্ষম। মূলত যেসব গন্তব্যে সড়কপথে যাতায়াত সময়সাপেক্ষ কিন্তু সাধারণ বিমানের জন্য দূরত্ব খুব কম, সেসব রুটে দ্রুত যাতায়াত নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একে প্রতিষ্ঠানটি ‘ডাইরেক্ট এভিয়েশন’ বা সরাসরি আকাশপথের যাতায়াত ব্যবস্থা হিসেবে অভিহিত করেছে।

ইলেকট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যালেন জানিয়েছেন, বাণিজ্যিক বিমান মহাদেশীয় যাতায়াতে কার্যকর হলেও আঞ্চলিক ক্ষেত্রে তা সবসময় সুবিধাজনক নয়। অন্যদিকে হেলিকপ্টারের পরিচালনা ও জ্বালানি খরচ অনেক বেশি। এই সীমাবদ্ধতা দূর করতে নতুন এই বিমানে বিদ্যুৎচালিত মোটর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিমানের বিভিন্ন অংশে ছোট ছোট বৈদ্যুতিক মোটর বসানোর ফলে প্রচলিত ইঞ্জিনের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

নতুন এই উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে কম শব্দ, সহজে ওঠানামা, যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা, দীর্ঘ দূরত্ব অতিক্রম, নিরাপত্তা এবং সাশ্রয়ী পরিচালন ব্যয়ের মতো ছয়টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের দাবি, বিমান চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো একক উড়োজাহাজ এই ছয়টি শর্ত একসঙ্গে পূরণ করতে পারেনি। এই প্রযুক্তি সফল হলে মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *