বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন সোনামণি সাহা

বিগ বস বাংলার সফর শেষ হলো অভিনেত্রী সোনামণি সাহার। নমিনেশনের কঠিন পরীক্ষায় শেষরক্ষা না হওয়ায় প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে গেলেন তিনি। এই সপ্তাহে নমিনেশনের তালিকায় সোনামণির পাশাপাশি ছিলেন রাজবীর দে এবং তনুশ্রী। রাজবীর ক্যাপ্টেন হওয়ায় নিরাপদ ছিলেন এবং তনুশ্রীও শেষ মুহূর্তে টিকে যান, যার ফলে সোনামণির বিদায় নিশ্চিত হয়।

নমিনেশন টাস্কের শর্ত অনুযায়ী, নিজেকে বাঁচাতে সোনামণিকে রাজবীর দে-কে রাজি করাতে হতো যাতে তিনি নিজের হাত-পা ওয়াক্স করার মতো কঠিন শর্ত মেনে নেন। তবে রাজবীর এই শর্তে রাজি না হওয়ায় সোনামণি নমিনেশনের তালিকায় পড়ে যান। শো চলাকালীন রাজবীরের সঙ্গে সোনামণির সম্পর্কের সমীকরণ ছিল বেশ ওঠানামায় ভরা। একাধিক টাস্কে রাজবীরের আচরণ নিয়ে অভিনেত্রী আপত্তি জানিয়েছিলেন এবং তাদের মধ্যে তিক্ততাও তৈরি হয়েছিল।

বাড়ি থেকে বেরোনোর আগে মেমোরি ওয়ালে সোনামণি লিখে আসেন, ‘যেটা হওয়ার, সেটা হবেই।’ বিদায়বেলায় তিনি জানান, সকলের মন জিতেই তিনি বেরিয়ে আসছেন এবং নিজেকে বিজয়ী মনে করছেন। বিগ বসের ঘরে সোনামণির এই যাত্রা এবং সহ-প্রতিযোগীদের নিয়ে তাঁর মন্তব্য এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *