অমিতাভ ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য বলিপাড়ায়
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিদেশ থেকে পরিচালিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে গ্যাংস্টার গোল্ডি ধিলন এই হুমকি দিয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে যে, দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে মুম্বইয়ে গ্রেফতার হওয়া বিকাশ ঠাকুর এবং দীপক সিং তার সহযোগী। তবে এই গ্রেফতারিতে তাদের কার্যক্রম থামবে না বলে ওই গ্যাংস্টার ঔদ্ধত্য প্রকাশ করেছে। মুম্বই শহরে তাদের ২০০ জন সহযোগী হামলার জন্য প্রস্তুত রয়েছে বলেও পোস্টে দাবি করা হয়েছে।
এই হুমকির নেপথ্যে ১৯৮৪ সালের শিখ-বিরোধী সহিংসতার একটি যোগসূত্র টানার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, গত বছর কানাডার সারেতে কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় স্বীকার করেছিল এই গোল্ডি ধিলন, যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত এক মাস ধরে অমিতাভ বচ্চন লাগাতার সাইবার ও নিরাপত্তার হুমকির মুখে পড়ছেন। এর আগে ইমেইলের মাধ্যমে একাধিকবার তাঁর বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
বারবার এমন প্রাণনাশের হুমকির জেরে বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মাঝেই অমিতাভের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা ‘বাচ গয়ে’ বা ‘বেঁচে গেলাম’ লেখা একটি রহস্যময় পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। একের পর এক এই গুরুতর হুমকির পর মুম্বই পুলিশ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি বচ্চন পরিবারের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছে।