২১ বছর পর ফের একসঙ্গে কুমার শানু ও উদিত নারায়ণ, সানির ছবিতে চমক
দীর্ঘ ২১ বছরের দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে গানে কণ্ঠ মেলালেন দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। সানি দেওল অভিনীত ‘সূর্য অন্ত সে আরম্ভ তক’ ছবির ‘সুনিয়ো জারা’ গানে তাঁদের এই যুগলবন্দি সঙ্গীতমহলে বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে। দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দুই শিল্পীই অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন কুমার শানু।
একটি সাক্ষাৎকারে কুমার শানু জানান, পেশাগত বিরতি থাকলেও তাঁদের ব্যক্তিগত বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি। আজও তাঁদের সম্পর্ক অটুট রয়েছে। স্টুডিওতে রেকর্ডিংয়ের ফাঁকে তাঁরা পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং একসঙ্গে প্রচুর হাসাহাসি করেন। ‘সুনিয়ো জারা’ গানে উদিত নারায়ণের যুক্ত থাকার খবরটি প্রথমে না জানলেও, পরে তা জানতে পেরে শানু দারুণ খুশি হয়েছিলেন বলে জানান।
সিনেমার গানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যও তাঁরা একসঙ্গে কাজ করছেন। কুমার শানু জানিয়েছেন, সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলের জন্য ‘তেরা মেরা ইয়ারানা’ নামে একটি গান রেকর্ড করেছেন। তাঁর বিশেষ অনুরোধেই এই গানে উদিত নারায়ণ কণ্ঠ দিয়েছেন। বড় পর্দা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই এই দুই শিল্পীর পুনর্মিলন সংগীতপ্রেমীদের কাছে এক বিশেষ উপহার হয়ে উঠেছে।