বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তনে মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট, প্রস্তুতি তুঙ্গে

আগামী ৯ ডিসেম্বর বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশেষ অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট প্রদান করা হবে।

একই সঙ্গে বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে ডি এসসি সম্মানে ভূষিত করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি অনুমোদন দিয়েছেন। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে এ সংক্রান্ত চিঠি উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এসে পৌঁছেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে সাজ সাজ রব পড়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আমন্ত্রিত তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন সফল করতে গোলাপবাগ ক্যাম্পাসে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *