PCOS এখন PMOS: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নাম পরিবর্তন, কেন এই সিদ্ধান্ত?

বিশ্বজুড়ে পরিচিত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)-এর নাম পরিবর্তন করে পলি-এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (PMOS) রাখা হয়েছে। ২০২৬ সালের মে মাসে আন্তর্জাতিক স্তরে চিকিৎসক ও গবেষকদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন এবং এন্ডোক্রাইন সোসাইটির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি এই পরিবর্তনে সিলমোহর দিয়েছে।

চিকিৎসকদের মতে, এতদিন PCOS বলতে অনেকেই কেবল ডিম্বাশয়ের সমস্যা হিসেবে দেখতেন। কিন্তু এই রোগ শরীরের একাধিক হরমোন গ্রন্থি এবং বিপাকীয় প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে। নতুন নাম ‘পলি-এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম’-এর মাধ্যমে রোগের সামগ্রিক চরিত্রটি আরও স্পষ্ট করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রতি আটজন মহিলার মধ্যে একজন এই শারীরিক সমস্যায় আক্রান্ত।

এই নামকরণের পরিবর্তনের ফলে এখন থেকে কেবল পিরিয়ড নিয়মিত করার দিকে নজর না দিয়ে, শরীরের সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য ও হরমোনের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। এটি রোগ নির্ণয় ও চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শরীরে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। টানা দুই-তিন মাস পিরিয়ড অনিয়মিত হওয়া, কারণ ছাড়াই হঠাৎ ওজন বৃদ্ধি, পেটের মেদ, মুখে বা শরীরে অবাঞ্ছিত লোম ও ব্রণ, অতিরিক্ত চুল পড়া এবং ঘাড়ের ভাঁজে কালচে দাগ এই রোগের লক্ষণ হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে রোগ শনাক্ত হলে জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *