আলাস্কার উতকিয়াগভিক শহরে ৬৫ দিনের মেরু রাত্রি: এক প্রাকৃতিক বিস্ময়
পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কার উতকিয়াগভিক শহরে প্রতি বছর শীতকালে এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে। এই সময়ে শহরটিতে টানা ৬৫ দিন সূর্যের দেখা মেলে না, যা 'পোলার নাইট' বা মেরু রাত্রি নামে পরিচিত।
জানা গেছে, ২০২৬ সালের শেষ সূর্যাস্তের পর থেকে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত এখানকার বাসিন্দারা সূর্যের আলো থেকে বঞ্চিত থাকবেন। পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। শীতকালে উত্তর মেরু অঞ্চল সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকায় উতকিয়াগভিক শহরে সূর্য দিগন্তের উপরে উঠতে পারে না।
তবে টানা ৬৫ দিন সূর্য না উঠলেও শহরটি পুরোপুরি অন্ধকারে ডুবে থাকে না। দুপুরের দিকে কয়েক ঘণ্টার জন্য দিগন্তজুড়ে ক্ষীণ নীলচে আলোর দেখা মেলে, যা দিনের অস্তিত্ব জানান দেয়। উত্তর আলাস্কার এই শহরে বসবাসকারী মানুষের কাছে দীর্ঘ মেরু রাত্রি এক পরিচিত বার্ষিক অভিজ্ঞতা। হিমশীতল আবহাওয়া এবং সূর্যহীন দীর্ঘ দিনযাপনের মধ্যেই তাঁদের জীবনযাত্রা অতিবাহিত হয়। বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের কাছে এই ঘটনা বিস্ময়কর মনে হলেও, স্থানীয়দের কাছে এটি প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম। দীর্ঘ অন্ধকার কাটিয়ে ফের সূর্যের অপেক্ষায় থাকেন শহরবাসী।