মশা কেন নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ায়? নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ

অনেকেই মনে করেন রক্ত মিষ্টি হওয়ার কারণে মশা কাউকে বেশি কামড়ায়, তবে বিজ্ঞানের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। মশা মূলত মানুষের শরীরের বিশেষ জৈবিক ও রাসায়নিক সংকেতের ওপর ভিত্তি করে শিকার বেছে নেয়। গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপ মশার আকর্ষণের অন্যতম কারণ। 'জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি'-র তথ্য অনুযায়ী, 'এ' গ্রুপের তুলনায় 'ও' গ্রুপের রক্তের মানুষদের প্রতি এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা বেশি আকৃষ্ট হয়।

এছাড়াও, শরীরের ঘাম ও লালার মাধ্যমে নিঃসৃত বিশেষ অ্যান্টিজেন বা 'সিক্রেটর' বৈশিষ্ট্য মশার কাছে ওই ব্যক্তিকে আরও আকর্ষণীয় করে তোলে। ত্বকের ব্যাকটেরিয়া বা 'স্কিন মাইক্রোবায়োম' মশার কামড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য কম থাকলে এবং নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য থাকলে মশা সেই গন্ধে দ্রুত ছুটে আসে। জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিল থাকায় অনেক সময় একই পরিবারের সদস্যদের মশা বেশি কামড়ায়।

দৈনন্দিন অভ্যাস ও শারীরিক অবস্থার ওপরও মশার আক্রমণ নির্ভর করে। গবেষণায় দেখা গেছে, বিয়ার পান করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে প্রবলভাবে আকৃষ্ট করে। গর্ভাবস্থায় নারীদের প্রতি মশা প্রায় দ্বিগুণ বেশি আকৃষ্ট হয়, কারণ এ সময় শরীরের তাপমাত্রা সামান্য বেশি থাকে এবং নিঃশ্বাসের সঙ্গে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।

মশা দৃষ্টিশক্তি ব্যবহার করেও শিকার চিহ্নিত করতে পারে। কালো, গাঢ় নীল কিংবা লাল রঙের পোশাক পরা মানুষদের মশা খুব সহজেই আলাদা করতে পারে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *