শ্রীরামপুরের ফুটবলার রাজা দাশগুপ্তের রহস্যমৃত্যু: ৯ বছর পর ফের গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ
শ্রীরামপুরের ফুটবলার স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ন’বছর পর পুলিশি তৎপরতা দেখা গেল। এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগকে ফের গ্রেফতার করা হয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শ্রীরামপুর মালগুদামের কাছে রেললাইন থেকে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পিন্টু নাগের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠলেও, ২০২১ সালের ৩ মার্চ তিনি বেকসুর খালাস পেয়েছিলেন। অভিযোগ ছিল, দুর্গাপুজোর নবমীর রাতে স্থানীয় দুই যুবকের সঙ্গে রাজার মারপিট হয়। সেই খবর পেয়ে পিন্টু নাগ দলবল নিয়ে গিয়ে রাজাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর গভীর রাতে অচৈতন্য অবস্থায় রাজাকে এক বন্ধুর বাড়িতে রেখে আসা হয় এবং পরের দিন রেললাইনে তার দেহ পাওয়া যায়।
রাজার বাবা-মায়ের অভিযোগ ছিল, মারধরের ফলেই তাদের ছেলের মৃত্যু হয় এবং পরে দেহ রেললাইনে ফেলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে রাজার মা রিঙ্কু দেবী ও বাবা দোলন দাশগুপ্ত মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ গিয়ে পুনরায় বিচারের আর্জি জানান। এর পরেই বুধবার রাতে পুলিশ পিন্টু নাগকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মৃত ফুটবলারের পরিবারের দাবি, এতদিন প্রভাবশালী হওয়ার কারণে তাদের হুমকি দেওয়া হতো, তবে এখন তারা ন্যায়বিচারের আশা করছেন।