অভিনয়ের স্বপ্ন পূরণে বাবার হাতে মার, মায়ের সাহায্যে বাড়ি ছেড়েছিলেন রবি কিষাণ

অভিনেতা রবি কিষাণের অভিনয়ের প্রতি আগ্রহ তাঁর বাবার একেবারেই অপছন্দ ছিল। পেশায় পুরোহিত এবং ব্যবসায়ী রবি কিষাণের বাবা চাইতেন তাঁর ছেলে সরকারি চাকরি করুক অথবা পারিবারিক ব্যবসায় যোগ দিক। নব্বইয়ের দশকে অভিনয়কে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না, বরং তাঁর বাবা এটিকে পরিবারের জন্য লজ্জার বিষয় বলে মনে করতেন।

রবি কিষাণ জানিয়েছেন, রামলীলার মঞ্চে শাড়ি পরে অভিনয় করার জন্য তাঁর বাবা তাঁকে চামড়ার বেল্ট দিয়ে মারধর করেছিলেন। তিনি আরও জানান, সেই রাতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তাঁর বাবা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। পরিবারের সম্মান নষ্ট করার অভিযোগে বাবার রোষ থেকে বাঁচাতে তাঁর মা তাঁকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। মা নিজের হাতে ৫০০ টাকা দিয়ে তাঁকে ট্রেন ধরে মুম্বই চলে যেতে বলেছিলেন। সেই রাতেই তরুণ রবি কিষাণ বাড়ি ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন।

১৯৯২ সালে ‘পীতাম্বর’ ছবির মাধ্যমে রবি কিষাণ তাঁর অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীকালে ভোজপুরি সিনেমার পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও কন্নড় ছবিতেও তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। ‘তেরে নাম’, ‘ফির হেরা ফেরি’ এবং ‘লাপাতা লেডিজ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি ২০১৭ সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *