হাফিজ সইদের সঙ্গে পুরনো ছবি ও মন্তব্য ঘিরে বিতর্কে পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি

নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’-তে অভিনয় করা অভিনেতা হামজা আলি আব্বাসিকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ২০১৭ সালের একটি পুরনো ছবি এবং সমাজমাধ্যমের পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদের পাশে হাসিমুখে দেখা যাচ্ছে হামজাকে। জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে সইদের সাক্ষাৎকার নেওয়ার সময় ছবিটি তোলা হয়েছিল। শুধু ছবি তোলাই নয়, সেই সময় সমাজমাধ্যমে হাফিজ সইদকে ‘ভুল বোঝা মানুষ’ এবং অত্যন্ত ভদ্র ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন হামজা। ভারত ও আমেরিকা সইদকে জঙ্গি হিসেবে চিহ্নিত করলেও, অভিনেতা তাঁকে নীতিবান বলে দাবি করেছিলেন।

এই পুরনো মন্তব্য প্রকাশ্যে আসতেই ভারত ও পাকিস্তানে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। পাকিস্তানের আইনজীবী মুনিব কাদিরও অভিনেতার এই আচরণের জন্য প্রকাশ্যে ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। এই বিতর্কের জেরে ভারতে সিরিজটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সংগঠনগুলোর প্রশ্ন, একজন জঙ্গি সমর্থককে কীভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কাজের সুযোগ দেয়।

এদিকে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকও নেটফ্লিক্সকে সতর্ক করেছে। মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, পাকিস্তানে তৈরি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান ভারতে সম্প্রচার না করার অবস্থান বজায় রাখতে বলা হয়েছে। ৪ ডিসেম্বর সিরিজটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ভারতে এর সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *