আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে লিয়োনেল মেসি, নাম ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি
আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বিশ্বখ্যাত ফুটবলার লিয়োনেল মেসি। জানা গিয়েছে, নিজের নাম এবং ছবি বাণিজ্যিক কাজে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়ে তিনি ফুটবল সংস্থাকে আইনি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে মেসি তাঁর আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে খবর।
গত দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক প্রসারে মেসির ভূমিকা ছিল অপরিসীম। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবলের জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিন, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার বাজারে মেসির জনপ্রিয়তা কাজে লাগিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রচার চালিয়েছে। তবে এখন নিজের ভাবমূর্তি এবং স্বত্ব সুরক্ষায় কঠোর অবস্থান নিচ্ছেন এই তারকা ফুটবলার।
মেসির নিজস্ব সংস্থা রয়েছে, যারা তাঁর বাণিজ্যিক বিষয়গুলো দেখাশোনা করে। নতুন এই সিদ্ধান্তের ফলে আর্জেন্টিনা ফুটবল সংস্থা আর মেসির নাম বা ছবি ব্যবহার করে কোনো ধরনের আর্থিক মুনাফা অর্জন করতে পারবে না। যদি এই আইনি চিঠি পাওয়ার পরেও সংস্থাটি মেসির অনুমতি ছাড়া তাঁর ছবি বা নাম ব্যবহার করে, তবে তাদের আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।