বরিশা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ৪৫তম রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, থাকছে আকর্ষণীয় পুরস্কার
চলতি বছর ৭৫ বছরে পদার্পণ করেছে বরিশা অ্যাথলেটিক ক্লাব। এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে ৪৫তম রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বাস্কেটবল ইতিহাসে বরিশা অ্যাথলেটিক ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।
অর্গানাইজিং কমিটির সেক্রেটারি সুদীপ চ্যাটার্জি জানিয়েছেন, নতুন প্রজন্মের মধ্যে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। প্রথম স্থানাধিকারী দল ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী দল ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী দল ১৫ হাজার টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি পাবে।
পুরুষ ও মহিলা উভয় বিভাগের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্য ৫০০০ টাকা নগদ পুরস্কারের সঙ্গে একটি করে বাইক উপহার হিসেবে থাকছে। পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে সেরা খেলোয়াড়কে ১০,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়দের জন্যও বিশেষ নগদ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য স্তরের এই প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।