দাম্পত্য কলহে সঙ্গীর নীরবতা: সম্পর্কের অবনতির কারণ?
দাম্পত্য জীবনে ঝগড়ার সময় সঙ্গীর হঠাৎ চুপ করে যাওয়া বা আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় একে ‘ডিমান্ড উইথড্র’ বা ‘স্টোনওয়ালিং’ বলা হয়।
গবেষকদের মতে, যখন একজন সঙ্গী সমস্যার সমাধানের জন্য চাপ দেন এবং অন্যজন নীরবতা পালন করেন, তখন দ্বন্দ্ব মেটার বদলে আরও জটিল আকার ধারণ করে। এই ধরনের আচরণ সঙ্গীর আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং সম্পর্কের সন্তুষ্টি কমিয়ে দেয়।
অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক সময় মস্তিষ্ক আবেগ সামলাতে হিমশিম খায়, যাকে মনোবিজ্ঞানী জন গটম্যান ‘ফ্লাডিং’ বলে অভিহিত করেছেন। এই অবস্থায় ব্যক্তি পরিস্থিতি বুঝে উঠতে না পেরে কার্যত নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। গবেষণায় দেখা গেছে, কথোপকথনের সময় আবেগ চেপে রাখলে বা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করলে সঙ্গীর রক্তচাপ বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যাও হতে পারে। তাই এই নীরবতা অনেক সময় মানসিক নির্যাতনের শামিল হিসেবে গণ্য হয়।
তবে সব নীরবতা ক্ষতিকর নয়। অনেক সময় আবেগ নিয়ন্ত্রণে রাখতে বা যুক্তি দিয়ে চিন্তা করার জন্য সাময়িক বিরতির প্রয়োজন হয়। ২০১৭ সালের একটি গবেষণা অনুযায়ী, পরিস্থিতি থেকে সরে এসে নিরপেক্ষভাবে ভাবলে আবেগের তীব্রতা কমে এবং গঠনমূলক আলোচনার পথ প্রশস্ত হয়। তবে এক্ষেত্রে সঙ্গীকে নিজের প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে জানানো জরুরি। নিজের মানসিক অবস্থা সঙ্গীকে বুঝিয়ে বললে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বজায় থাকে।