শীতের পোশাক গুছিয়ে রাখার সঠিক পদ্ধতি: জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস

শীতের বিদায়লগ্নে আলমারিতে সোয়েটার, জ্যাকেট বা শাল তুলে রাখার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করলে উলের পোশাকের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে এবং ধুলাবালি জমে পোশাকের ক্ষতি হতে পারে।

প্রথমেই পোশাকের ধরন অনুযায়ী আলাদা তাক নির্দিষ্ট করুন। যে পোশাকগুলি প্রতিদিন ব্যবহার করা হয়, সেগুলি হাতের নাগালে রাখুন এবং যেগুলি কম প্রয়োজনীয়, সেগুলি ওপরের তাকে সরিয়ে দিন। এতে আলমারি গোছানো থাকবে এবং প্রয়োজনের সময় পোশাক খুঁজে পেতে সুবিধা হবে।

অনেকেই জায়গা বাঁচানোর জন্য মোটা সোয়েটার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন, যা মোটেও ঠিক নয়। নিজের ওজনেই কাঁধের অংশ ঢিলে হয়ে সোয়েটারের আকৃতি নষ্ট হতে পারে। তাই সোয়েটার সবসময় ভাঁজ করে বা রোল করে তাকের ওপর রাখা উচিত। তবে ভারী জ্যাকেট, ব্লেজার বা কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখাই ভালো।

ছোটখাটো শীতের অনুষঙ্গ যেমন মাফলার, টুপি বা গ্লাভস আলাদা বাক্স বা অর্গানাইজারে রাখুন, যাতে সেগুলো হারিয়ে না যায়। আলমারিতে জায়গা কম থাকলে ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ ব্যবহার করা যেতে পারে। তবে উলের পোশাক দীর্ঘ সময় ধরে চেপে রাখা ঠিক নয়, তাই ব্যবহারের আগে নির্দেশিকা দেখে নেওয়া প্রয়োজন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো পোশাকই না ধুয়ে আলমারিতে তুলে রাখবেন না। ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে তবেই ভাঁজ করে রাখুন। আলমারির তাক নিয়মিত পরিষ্কার করলে পোশাকে দুর্গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব হওয়ার আশঙ্কা কমে। এই ছোটখাটো কৌশলগুলি মেনে চললে আপনার প্রিয় শীতের পোশাকগুলি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *