টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত পরিচালক অমল ঘটক রায়!
প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অমল রায় ঘটক
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই, বিশিষ্ট বাচিকশিল্পী অলোক রায় ঘটক।
নব্বইয়ের দশকে টলিউডে যখন গতানুগতিক অ্যাকশন ছবির জয়জয়কার, ঠিক সেই সময়েই মননশীল গল্প ও পারিবারিক আবেগকে উপজীব্য করে নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন অমল রায় ঘটক। তাঁর পরিচালিত ‘উজান’ চলচ্চিত্রটি বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ মাইলফলক হয়ে রয়েছে। সুপ্রিয়া দেবী, রূপা গঙ্গোপাধ্যায় ও দোলন রায় অভিনীত এই ছবি সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছিল।
তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে— ‘কাচের পৃথিবী’ (লাবণী সরকার, ইন্দ্রাণী হালদার), ‘দেবর’ (তাপস পাল, ইন্দ্রাণী হালদার) এবং ‘শ্রীমান ভূতনাথ’ (রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী)-এর মতো জনপ্রিয় ছবি। পরিচালক হিসেবে বড় পর্দার নামী তারকাদের পাশাপাশি ছোট পর্দার শিল্পীদেরও সমান গুরুত্ব দিয়ে ব্যবহার করার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী।
শুধু পরিচালনাতেই নয়, চিত্রনাট্যকার হিসেবেও বাংলা সিনেমাকে তিনি সমৃদ্ধ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় অভিনীত ‘মানসী’ এবং মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্য তাঁরই সৃষ্টি। উল্লেখ্য, ‘ব্যবধান’ ছবির আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া গানটি আজও শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
দীর্ঘ কর্মজীবনে তপন সিংহ, অরুন্ধতী দেবী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর ঝুলিতে। পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর ছিল ঘনিষ্ঠ সুসম্পর্ক। বাণিজ্যিক ও মননশীল ধারার ছবির মধ্যে এক অনন্য মেলবন্ধন তৈরি করা এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। তাঁর সৃষ্টি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।