চেনা কাতলায় অচেনা স্বাদ, এই ভাইফোটায় বানিয়ে দেখুন সেরা রেসিপিটি!
উৎসবের পাতে নতুনত্ব: চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু পোস্ত কাতলা
নিজস্ব প্রতিবেদক: মাছপ্রিয় বাঙালির পাতে নতুনত্ব আনতে উৎসবের মরশুমে দারুণ এক পদ হতে পারে ‘লেবু পোস্ত কাতলা’। সামান্য কিছু উপকরণ ও সহজ পদ্ধতিতে এই সুস্বাদু পদটি তৈরি করা যায়। নিচে বিস্তারিত প্রণালী দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ:
কাতলা মাছ (৪ টুকরো), পোস্ত বাটা (৩-৪ টেবিল চামচ), রসুন কুচি (১-২ চামচ), চেরা কাঁচা লঙ্কা (৪-৫টি), পেঁয়াজ কুচি (একটি বড় মাপের), গন্ধরাজ লেবুর রস (২ চামচ), লেবুর জেস্ট (গ্রেট করা), গন্ধরাজ লেবু পাতা (২টি), কালো জিরে (হাফ চা চামচ), হলুদ গুঁড়ো (হাফ চা চামচ), স্বাদমতো নুন ও চিনি এবং পরিমাণমতো সর্ষের তেল।
প্রস্তুত প্রণালী:
প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে সামান্য নুন, হলুদ ও কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখুন।
এবার ওই কড়াইতে কালো জিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম ও হালকা সোনালী রঙ ধারণ করলে তাতে রসুন কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিন। এরপর বেটে রাখা পোস্ত দিয়ে নাড়াচাড়া করুন। মশলা কষানো হলে সামান্য জল দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন।
সবশেষে ওপর থেকে গন্ধরাজ লেবুর রস, লেবুর জেস্ট ও ছিঁড়ে রাখা লেবু পাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু গন্ধরাজ লেবু পোস্ত কাতলা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই অভিনব মাছের পদটি।