শিলিগুড়িতে শীঘ্রই IIT বা IIM, খুশির খবর শোনালেন মন্ত্রী!

 

শিলিগুড়িতে আইআইটি বা আইআইএম প্রতিষ্ঠার উদ্যোগ: মাটিগাড়া ও নকশালবাড়িতে জমি পরিদর্শন প্রশাসনের

শিলিগুড়ি: শিলিগুড়িতে আইআইটি (IIT) অথবা আইআইএম (IIM)-এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে জোরকদমে কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রেক্ষিতে মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে সম্ভাব্য জমির খোঁজ শুরু হয়েছে।

সম্প্রতি শিলিগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে শিলিগুড়িতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি বলেন, “শিলিগুড়ি সবসময় আমাদের ভদ্রাসন। শিলিগুড়ির জন্য আইআইটি বা আইআইএম-এর মতো কিছু একটা দিতেই হবে।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন।

সূত্রের খবর, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য প্রাথমিকভাবে চারটি জমির খতিয়ান তৈরি করা হয়েছে। মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকের ওই জায়গাগুলো একসময় চা বাগানের অংশ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “নির্বাচনের আগে আমি এই অঞ্চলে আইআইটি বা আইআইএম গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। জয়ের পর বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই প্রশাসন জমি দেখার কাজ শুরু করেছে।”

প্রতিমন্ত্রী আরও জানান, চিহ্নিত জমিগুলোর বিষয়ে রাজ্য সরকারকে বিস্তারিত জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য শীঘ্রই রাজ্যের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। জমি চূড়ান্ত হওয়ার পরই সরকারিভাবে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

পর্যটন ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উত্তরবঙ্গের এই বড় প্রাপ্তিকে কেন্দ্র করে স্থানীয় মহলে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলেছে। সরকারি পর্যায় থেকে এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *