বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে ভাঙচুর, দেবলীনা হেমব্রমকে হেনস্থার অভিযোগ
বাঁকুড়া: কালীপুজো উপলক্ষে বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় সিপিএম-এর জেলা কার্যালয়ের সামনে এসএফআই-এর উদ্যোগে আয়োজিত বুকস্টলে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম-এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। হামলাকারীরা তাঁর মোবাইল ফোনটিও আছাড় মেরে ভেঙে ফেলে।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে ওই এলাকায় এসএফআই-এর পক্ষ থেকে একটি বুকস্টল চালানো হচ্ছিল। বুধবার দুপুরে চার যুবক আচমকা সেখানে চড়াও হয় এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসএফআই কর্মীদের অভিযোগ, এই হামলার পেছনে বিজেপি ও আরএসএস-এর হাত রয়েছে।
ঘটনার বিষয়ে দেবলীনা হেমব্রম বলেন, “আমাদের ছাত্ররা সেখানে বইয়ের দোকান করেছিল। হঠাৎ গোলমালের শব্দ শুনে নিচে নেমে আসি। তখন হামলাকারীরা আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। তারা সরাসরি হুমকি দিয়ে বলেছে, এখানে বইয়ের দোকান করতে দেওয়া হবে না এবং এখন তাদের সরকার চলছে।”
এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “আমরা কোনোভাবেই বই বা বইয়ের সঙ্গে জড়িত কোনো কিছুর অপমান সমর্থন করি না। যারা এই কাজ করেছে, তারা বিজেপির আদর্শের সঙ্গে যুক্ত নয়। বিজেপি এই ধরনের ঘটনাকে সমর্থন করে না।” তবে একইসঙ্গে তিনি বাম আমলের কথা উল্লেখ করে পাল্টা অভিযোগ তোলেন যে, অতীতে বামেদের শাসনামলে হিন্দু চিন্তাধারার বহু বুকস্টল ভাঙচুর করা হয়েছিল।
পুরো বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।