ভাতারে আট বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, যুবককে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
পূর্ব বর্ধমানের ভাতারে আট বছরের এক শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে গ্রামের কালীমন্দিরের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল শিশুটি। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে মাঠের মধ্যে একটি বাগানে নিয়ে যান। সেখান দিয়ে যাওয়ার সময় এক প্রতিবেশীর নজরে ঘটনাটি আসে। তাঁর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পরে পুলিশের হাতে তুলে দেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ভাতার রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
পরিবার অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। ভাতার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।