পালানোর চেষ্টা ব্যর্থ! বিমানবন্দর থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক পরেশরাম দাস!

ধর্ষণ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক পরেশরাম দাস

ধর্ষণ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের গুরুতর অভিযোগে ক্যানিং পশ্চিমের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বাই পালানোর চেষ্টাকালে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে বারুইপুর জেলা পুলিশ তাঁকে আটক করে। ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৪ নম্বর মামলার ভিত্তিতে ৩৭৬, ৪২০ ও ১২০বি-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্ত এড়াতে তিনি শহর ছাড়ার ছক কষছিলেন বলে পুলিশ জানায়।

অভিযুক্ত প্রাক্তন বিধায়ককে বর্তমানে বারুইপুর জেলা পুলিশ সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও অবৈধ জমি দখলের মতো একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পরেশরাম দাসের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশি তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *