রাজ্যজুড়ে অকাল বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটায় ভিজতে পারে দক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অকাল বৃষ্টির কারণে জনজীবনে সাময়িক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির মাত্রা কিছুটা বেশি থাকতে পারে। বুধবার ভাইফোঁটার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রপাতের সতর্কতায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে। তবে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *