শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে বিপত্তি, ভেঙে গেল ঐতিহ্যবাহী সাং

শান্তিপুরে বামাকালীর ঐতিহ্যবাহী বিসর্জন নৃত্য ঘিরে এবার তৈরি হলো বিপত্তি। প্রতি বছর এই বিশেষ নৃত্য দেখার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। তবে এবার প্রশাসনের নির্দেশ ও নজরদারিতে নাচের রীতিতে পরিবর্তন আনা হয়। প্রথা ভেঙে প্রতিমার মুখ উল্টো দিকে রেখে এবং আলো জ্বালিয়ে নাচ শুরু করা হয়। এর ফলে নাচের সময় বাঁশের তৈরি সাং ভেঙে মচকে যায়।

পুজো কমিটির সভাপতি সুপেন্দ্র চৌধুরী ও সম্পাদক অনুপ সরকার জানান, প্রতি বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্ধকার করে পূর্বমুখী করে মাকে প্রায় সাত-আট মিনিট নাচ করানো হয়। কিন্তু এবার সেই রীতি পাল্টে যাওয়ায় মাত্র দেড়-দু মিনিটের মধ্যেই নাচ শেষ করে প্রতিমা বিসর্জনের পথে নিয়ে যেতে হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পুজো কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

এদিন শান্তিপুরে প্রায় এক লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে যায়। ভিড় সামলাতে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, রীতির পরিবর্তনের কারণেই এমন বিপত্তি ঘটেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। আগামী বছর থেকে পুরনো ঐতিহ্য ও নিয়ম মেনেই পুজো ও বিসর্জন সম্পন্ন হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *