শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে বিপত্তি, ভেঙে গেল ঐতিহ্যবাহী সাং
শান্তিপুরে বামাকালীর ঐতিহ্যবাহী বিসর্জন নৃত্য ঘিরে এবার তৈরি হলো বিপত্তি। প্রতি বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্ধকার করে পূর্বমুখী করে দেবীকে নাচানোর রীতি থাকলেও, এবার প্রশাসনের নির্দেশে আলো জ্বালিয়ে উল্টো দিকে মুখ করে নাচ শুরু করা হয়। এই রদবদলের ফলে নাচের শুরুতেই বাঁশের সাং ভেঙে মচকে যায়, যার জেরে দীর্ঘদিনের প্রথা ভেঙে মাত্র দেড়-দু মিনিটের মধ্যেই বিসর্জনের পথে নিয়ে যেতে হয় দেবীকে।
শান্তিপুরের এই বিশেষ নৃত্য দেখার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। আয়োজকদের দাবি, এবার প্রায় এক লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, যা সামলাতে পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রীতির পরিবর্তনের কারণেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা। এই ঘটনার জন্য উপস্থিত ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন কমিটির কর্তারা।
পুজো কমিটির সভাপতি সুপেন্দ্র চৌধুরী ও সম্পাদক অনুপ সরকার জানিয়েছেন, প্রতি বছর নিয়ম মেনে প্রায় সাত-আট মিনিট ধরে দেবীর নৃত্য অনুষ্ঠিত হয়। তবে এবার প্রশাসনের নজরদারিতে নিয়ম বদল হওয়ায় এই বিপত্তি ঘটে। যদিও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। চলতি বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর থেকে পুনরায় পুরনো রীতিনীতি মেনেই পুজো ও বিসর্জন নৃত্য সম্পন্ন হবে বলে উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন।