রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটার দিনেও বজায় থাকবে দুর্যোগ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টির প্রভাব বুধবার ভাইফোঁটার দিনও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। উৎসবের দিনগুলিতে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।