অনুমতিহীন স্টল ভাঙার মামলায় APDR-এর রিট পিটিশন খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট একটি অস্থায়ী বইয়ের স্টল ভাঙার ঘটনায় দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে। এপিডিআর (APDR) সংগঠনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, তারা একটি অস্থায়ী বইয়ের স্টল তৈরির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। সেই আবেদনের কোনো উত্তর না পাওয়ার পর ১৭ অক্টোবর তারা স্টলটি তৈরি করে। অভিযোগ, ১৯ অক্টোবর স্টলটি ভেঙে দেওয়া হয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে সংগঠনটি হাইকোর্টে মামলা দায়ের করেছিল।

বিচারপতি ঋষাদ মেদোরার পর্যবেক্ষণ, কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করলেও তার উত্তর না পাওয়া মানেই অনুমতি পাওয়া নয়। কর্তৃপক্ষের নীরবতাকে অনুমোদন হিসেবে ধরে নিয়ে কোনো নির্মাণ কাজ করা যায় না। আদালত স্পষ্ট জানিয়েছে, অনুমতি ছাড়া স্টল তৈরি করার ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টের রিট এক্তিয়ারে আসার কোনো ভিত্তি নেই। আবেদনকারীর এমন কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আদালত মনে করছে না, যার ভিত্তিতে এই পিটিশন গ্রহণ করা যায়।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্টলটি তৈরি করা হয়েছিল। তাই স্টল ভাঙার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো নির্দেশ দেওয়ার যুক্তি নেই। আদালত রাজ্যের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছে। তবে স্টল ভাঙার ঘটনায় অন্য কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ এপিডিআর-এর সামনে খোলা রয়েছে বলে আদালত জানিয়েছে। শেষ পর্যন্ত রিট পিটিশনটি খারিজ করে দেওয়া হয় এবং মামলায় কোনো পক্ষের ওপরই খরচের দায় চাপানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *