ভাইফোঁটায় প্রকাশ্যে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের দ্বন্দ্ব, পালটা জবাব গণেশের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথাগতভাবে ভাইফোঁটা পালন না করার সিদ্ধান্ত নেওয়ায়, মেট্রোপলিটন তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মদন মিত্রসহ তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে নিজের উপস্থিতি নিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি বলেন, প্রতিবারই চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে তিনি ফোঁটা নেন এবং তাঁর আমন্ত্রনেই তিনি এখানে এসেছেন। একই সুর শোনা গেছে শান্তনু সেনের গলাতেও। তিনি জানান, যেখানে সম্মানের সঙ্গে ডাক পান, সেখানেই তিনি যান এবং এই আয়োজনে রাজনীতির কোনো রং নেই।

তবে এই আনন্দানুষ্ঠানের মাঝেই প্রকাশ্যে চলে আসে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের টানাপড়েন। ভাইফোঁটায় দিদির বাড়িতে ডাক না পাওয়ার যে দাবি বাবুন করেছিলেন, তা সরাসরি খারিজ করে দিয়েছেন মমতার আরেক ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, দিদি প্রতিবারই তাঁদের ফোঁটা দেওয়ার জন্য ডাকেন এবং এবারও ঘরোয়াভাবে ভাইদের ফোঁটা দিয়েছেন। পারিবারিক বন্ধন অটুট রাখার বার্তা দিয়ে গণেশ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দিদি যতদিন বেঁচে আছেন, তাঁরা প্রতিবারই তাঁর কাছে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *