নেপালে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ
ভোরের আলো ফোটার আগেই তীব্র কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মূলত জলপাইগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এই কম্পনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। হঠাৎ বিকট শব্দ ও কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘুম ভেঙে অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। এই কম্পনের জেরে ভারত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চিনের বিভিন্ন অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর ভোরেও উত্তরবঙ্গে ৪.৯ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল, যার উৎসস্থলও ছিল নেপাল। সেই সময় প্রায় ২৯ সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল কম্পনটি।
উল্লেখ্য, মাস দুয়েক আগেই নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। সেই প্রাকৃতিক বিপর্যয়ে ১৪৫৫ জনের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ হয়েছিলেন ৫ হাজারের বেশি মানুষ। ত্রিশূলী ও ভোটকোসি নদীর করাল গ্রাসে ধ্বংস হয়েছিল ঘরবাড়ি, সেতু ও বাজার-ঘাট। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই ফের নেপালে ভূমিকম্পের ঘটনায় পাহাড়ি ও সংলগ্ন সমতল অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।