স্বাস্থ্য সহায়িকাদের বদলি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রিশাদ মেডোরার বেঞ্চ জানিয়েছে, চাকরিতে তিন বছর পূর্ণ হয়নি—শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনো স্বাস্থ্য সহায়িকার বদলির আবেদন খারিজ করা যাবে না। তিন বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীরা বদলির জন্য আবেদন জানাতে পারবেন বলে আদালত স্পষ্ট করেছে।
মামলাকারীদের অভিযোগ ছিল, নিজেদের জেলায় শূন্যপদ থাকা সত্ত্বেও স্বাস্থ্য দফতর তাঁদের বদলির আবেদন বিবেচনা করেনি। এর আগে স্বাস্থ্য অধিকর্তা তাঁদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে নতুন করে মামলা দায়ের হয়। শুনানিতে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, তিন বছর পূর্ণ না হওয়ার অজুহাতে বদলির আবেদন বাতিল করা আইনত যুক্তিযুক্ত নয়। অন্যদিকে, রাজ্যের তরফে আশঙ্কা প্রকাশ করা হয় যে, কর্মী বদলি হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ব্যাহত হতে পারে।
উভয়পক্ষের সওয়াল শোনার পর আদালত জানিয়েছে, বদলির আবেদনের ক্ষেত্রে রিলিভার বা বিকল্প কর্মীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মী পাওয়া গেলে স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদনে আর কোনো বাধা থাকবে না। অনলাইন পোর্টালে আবেদন করা না গেলে অফলাইনেও আবেদন জমা দেওয়া যাবে। আদালতের এই নির্দেশের ফলে বদলি প্রত্যাশী স্বাস্থ্য সহায়িকাদের জন্য নতুন পথ প্রশস্ত হলো।