বিধায়ককে পালানোয় সহায়তার অভিযোগ, গ্রেফতার ইন্টেলিজেন্স ব্যুরোর সিভিক ভলান্টিয়ার

ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকে। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি বিভাগে কর্মরত ছিলেন। অভিযোগ, আইবি-তে কর্মরত থাকার সুবাদে পুলিশের বিভিন্ন গোপন অভিযানের আগাম খবর তিনি পেয়ে যেতেন এবং সেই তথ্য বিধায়কের কাছে পৌঁছে দিতেন।

গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন বিকাশ সাহানি। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে তদন্তকারীরা তাঁকে দফায় দফায় জেরা করছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকাশ সাহানির বিরুদ্ধে মারধরের ঘটনায় ক্যানিং থানায় আগে থেকেই একটি মামলা ছিল। গ্রেফতারির পর প্রশাসন তাঁকে ডিমোবিলাইজ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভবিষ্যতে ট্রায়াল কোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তাঁকে পুনরায় কাজে বহাল করার সুযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *