পুরভোটের প্রস্তুতি ও জনসংযোগে জোর সিপিএমের, রাজ্য কমিটির বৈঠকে বিশেষ বার্তা

সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে আসন্ন পুরভোটের প্রস্তুতি এবং জনসংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বই নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন কর্মীরা। ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোর কারণে যেসব এলাকায় ১৫ নভেম্বর এই কর্মসূচি পালন করা সম্ভব নয়, সেখানে ২১ বা ২২ নভেম্বর তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরভোট পিছিয়ে গেলেও দলীয় কর্মীদের ঘরে বসে না থেকে স্থানীয় স্তরে আন্দোলন ও প্রচার চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। এছাড়া বামফ্রন্টের বাইরে থাকা অন্যান্য বামপন্থী শক্তির সঙ্গেও স্থানীয় স্তরে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ সিপিএম নেতৃত্ব। দলের মতে, কংগ্রেসের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো আগাম পরিকল্পনা করা সম্ভব নয়।

তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী ভোটের সমীকরণ নিয়ে সিপিএম সতর্ক রয়েছে। কোনো আগাম অনুমান না করে একটি সাধারণ কৌশল নিয়ে এগোতে চাইছে দল। তবে কিছু জেলার নেতাদের পক্ষ থেকে নির্দিষ্ট ওয়ার্ড চিহ্নিত করে পুরভোটে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত চলা এই রাজ্য কমিটির বৈঠকে পুরভোট সংক্রান্ত গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *