স্বামীর এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনে সুমিত রায়ের স্ত্রী

জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। সুমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং আদালত তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। সুস্মিতা ঘোষের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর স্বামীকে এনকাউন্টারে মেরে ফেলার পরিকল্পনা করা হতে পারে। রাজ্যে সাম্প্রতিক কিছু এনকাউন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশি হেফাজতে সুমিত রায়ের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়, যা তাঁকে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের নামে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তদন্তের প্রতিটি পদক্ষেপে যেন আইন ও মানবাধিকারের সুরক্ষা বজায় থাকে এবং অভিযুক্তের স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *