পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা, মানবাধিকার কমিশনে সুমিত রায়ের স্ত্রী

জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে ধৃত সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। সম্প্রতি রক্ষাকবচ উঠে যাওয়ার পর সিআইডি ও পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি সাত দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। সুস্মিতা ঘোষের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর স্বামীকে এনকাউন্টার করে মেরে ফেলার পরিকল্পনা করা হতে পারে। রাজ্যে সাম্প্রতিক কিছু এনকাউন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগে আরও জানানো হয়েছে, পুলিশি হেফাজতে সুমিত রায়ের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর একটি বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু হেফাজতে তাঁকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তদন্তের প্রতিটি পদক্ষেপে যেন মানবাধিকারের সুরক্ষা বজায় থাকে এবং অভিযুক্তের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয়। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *