স্বামীকে এনকাউন্টারে মারার আশঙ্কা, মানবাধিকার কমিশনে অভিযোগ সুমিত রায়ের স্ত্রীর
পুলিশি হেফাজতে থাকা স্বামী সুমিত রায়কে এনকাউন্টারে মেরে ফেলার আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। রাজ্যে সাম্প্রতিক কিছু এনকাউন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ তুলেছেন। সুস্মিতার দাবি, হেফাজতে থাকাকালীন সুমিতের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
অভিযোগে আরও জানানো হয়েছে, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। অভিযোগ, তাঁকে সেই যন্ত্র ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের নামে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যা তাঁর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পর্যাপ্ত বিশ্রাম থেকেও তাঁকে বঞ্চিত রাখা হচ্ছে বলে স্ত্রী অভিযোগ করেছেন।
এই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তদন্তের প্রতিটি পদক্ষেপে মানবাধিকার রক্ষা এবং অভিযুক্তের স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।