গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে এবার হেলিকপ্টার পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকের পর মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, মেলায় ৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়ায় নেওয়া হবে। সাধারণ যাত্রীরা আসন অনুযায়ী টিকিট কেটে এই পরিষেবা নিতে পারবেন, ফলে পুরো হেলিকপ্টার ভাড়া করার প্রয়োজন হবে না। সকালে গিয়ে পুজো দিয়ে দিনের দিনই ফিরে আসার সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে টিকিটের মূল্য বা বুকিং সংক্রান্ত নিয়মাবলী এখনও চূড়ান্ত হয়নি।

পরিবহন ব্যবস্থা উন্নত করতে মুড়িগঙ্গা নদীতে বার্জের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সাধারণত যেখানে ৪-৫টি বার্জ চলে, সেখানে এবার ১৫ থেকে ২০টি বার্জ নামানোর পরিকল্পনা রয়েছে। নদীর নাব্যতা বজায় রাখতে ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলটিকে দীর্ঘস্থায়ী করার ওপরও জোর দেওয়া হচ্ছে। এছাড়া পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য মেলা প্রাঙ্গণের বাইরে ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে এবং লট নম্বর ৮-এ অতিরিক্ত যাত্রীশেড তৈরি করা হবে।

নিরাপত্তা ও পরিকাঠামোয় বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত আলো বসানো হবে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী হোগলা শেডের পরিবর্তে এবার তাঁবু ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কুম্ভমেলার ধাঁচে গঙ্গাসাগর মেলাকে আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *