সপ্তম বেতন কমিশনে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বাড়ল, নতুন ডেডলাইন ৩০ নভেম্বর

সপ্তম বেতন কমিশনে নিজেদের দাবি ও মতামত জানানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনগুলি তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই এই মতামত গ্রহণ করা হবে। কোনো হার্ড কপি, কাগজে লেখা আবেদন, পিডিএফ বা ইমেলের মাধ্যমে পাঠানো প্রস্তাব বিবেচনা করা হবে না।

নতুন করে বেশ কিছু সংস্থাকে কমিশনের আওতাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী, তিনটি শিক্ষা বোর্ড এবং ১৪টি উন্নয়ন পর্ষদ। তবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। নতুন কর্মীদের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

প্রাক্তন আমলা নবীন প্রকাশের নেতৃত্বে গঠিত এই কমিশন শুধুমাত্র মূল বেতন বৃদ্ধির সুপারিশেই সীমাবদ্ধ থাকবে না। বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতা, পদোন্নতি, চাকরির শর্ত, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশের মতো বিষয়গুলিও পর্যালোচনা করা হবে। এমনকি ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার বিষয়টিও কমিশনের কার্যপরিধিতে অন্তর্ভুক্ত রয়েছে। এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *