পানিহাটিতে বিজেপি নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য, থানায় এফআইআর দায়ের

পানিহাটিতে এক বিজেপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, একটি ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন রুমা সাহা। সেই সময় তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অরূপ সাহা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাগরদত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় রবিবার খড়দহ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করতে দেরি হওয়ায় পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী থানায় উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতেই এফআইআর দায়ের করা হয় এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। নিহত অরূপ সাহার স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই এই হামলার নেপথ্যে রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অন্দরে কোন্দলের ইঙ্গিত নিয়েও জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। এই খুনের ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *