চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় রোবোটিক হাতির চমক
চন্দননগরের উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির ৬০তম বর্ষের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে আনা এক রোবোটিক হাতি। প্রায় ১৫০০ কেজি ওজনের এই হাতিটির নাম দেওয়া হয়েছে ‘পাডিআপ্পা’। দূর থেকে দেখলে এটিকে আসল হাতি বলে ভ্রম হওয়া স্বাভাবিক। রোবোটিক এই হাতিটি তার কান, চোখ, মুখ ও লেজ অনবরত নাড়াতে পারে এবং শুঁড় দিয়ে দর্শনার্থীদের ওপর গোলাপ জল ছিটিয়ে চমক দিচ্ছে। চতুর্থীর দিন ক্রেনের সাহায্যে মণ্ডপে আনা এই হাতিটি আনতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে।
পুজো কমিটির সভাপতি সূর্যকান্ত দাস জানিয়েছেন, এবারের মণ্ডপসজ্জার মূল ভাবনা কেরলের বিখ্যাত ওনাম উৎসবের পৌরাণিক কাহিনি। রাজা মহাবলির কাহিনীকে কেন্দ্র করে সাজানো মণ্ডপের ভেতরে অনন্তনাগের ওপর শায়িত ভগবান বিষ্ণু এবং তাঁর সামনে দেবী জগদ্ধাত্রীর মূর্তি স্থাপন করা হয়েছে। কেরলের মন্দির সংস্কৃতির সঙ্গে হাতির গভীর যোগ থাকায় সেই ঐতিহ্যকে তুলে ধরতেই এই রোবোটিক হাতির ব্যবস্থা করা হয়েছে। মণ্ডপের গায়ে রয়েছে অসংখ্য আলপনা ও নৌকার আদলে তৈরি বিশেষ কাঠামো।
পৌরাণিক কাহিনি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই মণ্ডপসজ্জা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মণ্ডপের পরিবেশকে আরও প্রাণবন্ত করতে কেরলের আলেপ্পি থেকে আটজন বাজনদারকে নিয়ে আসা হয়েছে। জীবন্ত হাতির মতো নড়াচড়া করা এই রোবোটিক হাতিটি ছোট থেকে বড়—সকলের কাছেই এখন বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অভিনব আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।