বিন্নাগুড়ি সেনা ছাউনিতে চিকিৎসায় সাড়া দিচ্ছে আহত হাতি
গত ১১ নভেম্বর বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে একটি হাতিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান জওয়ানরা। হাতিটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল এবং তাতে পচন ধরেছিল। ক্ষতস্থান থেকে ম্যাগট বা পোকা বেরিয়ে আসছিল। বিষয়টি নজরে আসতেই সেনাবাহিনীর পক্ষ থেকে বন দফতর ও পরিবেশপ্রেমীদের খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড ও জলপাইগুড়ি বন বিভাগের আধিকারিকরা।
প্রাথমিক পর্যায়ে হাতিটি চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না। খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেওয়া হলেও সে তা গ্রহণ করছিল না। এরপর বন দফতরের পক্ষ থেকে ট্র্যাঙ্কুলাইজার গানের মাধ্যমে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টানা পাঁচ দিন ধরে হাতিটিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়। বন দফতর জানিয়েছে, দীর্ঘ চিকিৎসার ফলে হাতিটি ধীরে ধীরে স্বাভাবিক আচরণে ফিরতে শুরু করেছে।
রবিবার বনকর্মী ও চিকিৎসকদের দল হাতিটির কাছে গেলে দেখা যায়, সে নিজে থেকেই ওষুধ মেশানো খাবার খাচ্ছে। ওষুধের প্রভাবে পায়ের ক্ষতস্থান থেকে ম্যাগট বেরিয়ে আসতে শুরু করেছে। বর্তমানে হাতিটি সেনা ছাউনির একটি নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরা করছে এবং বনকর্মীরা সার্বক্ষণিক তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। হাতিটি নিজে থেকে খাবার গ্রহণ করায় তার দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী বন আধিকারিক ও পশুপ্রেমীরা।