রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল কুলগাছিয়ার যাত্রী প্রতীক্ষালয়, ক্ষোভ স্থানীয়দের

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের কুলগাছিয়ার শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত যাত্রী প্রতীক্ষালয়টি বর্তমানে চরম অবহেলার শিকার। কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মিত এই প্রতীক্ষালয়টি বাসযাত্রীদের জন্য তৈরি করা হয়েছিল। বিশেষ করে বৃষ্টির সময় যাত্রীদের আশ্রয় নেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

বর্তমানে প্রতীক্ষালয়টির চারপাশ আগাছা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। ভিতরের অংশ নোংরা আবর্জনায় পূর্ণ থাকায় দুর্গন্ধে সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুধু প্রতীক্ষালয় নয়, এর সামনে থাকা পুলিশের কিয়স্কটিও ভেঙে মাটিতে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের প্রথম কয়েক বছর রক্ষণাবেক্ষণ হলেও পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো নজর দেওয়া হয়নি।

এই বিষয়ে উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিতু দাস জানিয়েছেন, যাত্রী প্রতীক্ষালয়ের বর্তমান অবস্থার কথা তাদের জানানো হয়নি। তিনি আরও বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে রক্ষণাবেক্ষণের কাজ করা হয় এবং সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত প্রতীক্ষালয়টি পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *