মহিলা সুরক্ষায় কড়া পদক্ষেপ, অগ্নিমিত্রা পলের নির্দেশে চালু হচ্ছে বিশেষ সমন্বিত হেল্পলাইন
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নারী নিরাপত্তা ও নাগরিক পরিষেবায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তৎপর হয়ে তিনি মহিলা সুরক্ষায় একটি বিশেষ ইন্টিগ্রেটেড হেল্পলাইন ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। বর্তমানে আলাদা কোনো নির্দিষ্ট মহিলা হেল্পলাইন নম্বর না থাকায়, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চাইল্ড হেল্পলাইন নম্বরকেই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিশু ও মহিলা—এই দুই পরিষেবাকে একছাতার তলায় এনে একটি শক্তিশালী ও সক্রিয় ব্যবস্থা গড়ে তোলা হবে।
সমন্বিত হেল্পলাইন ও আধুনিক কল সেন্টার
বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে প্রতিটি মণ্ডলে মহিলা পুলিশ স্টেশন এবং সার্বক্ষণিক মহিলা ডেস্ক চালুর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মন্ত্রী জানান, শুধু হেল্পলাইন নম্বর নয়, নারী, শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের জন্য পৃথক কল সেন্টারও গড়ে তোলা হবে। এর ফলে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বিপদে পড়া নারীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ করে তোলা।
বেআইনি পার্কিং রুখতে কড়া হুঁশিয়ারি
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে শহরের শৃঙ্খলা বজায় রাখতে এদিন বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও রণংদেহি মেজাজে ধরা দেন অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র অনুমোদিত স্থানেই পার্কিং করা যাবে। ভুয়া বিল বা রসিদ ব্যবহার করে পার্কিংয়ের নামে টাকা তোলা হলে সরকার কোনো আপস করবে না। বেআইনি অর্থ আদায় রুখতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নাগরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পার্কিং ব্যবস্থাকে সম্পূর্ণ নিয়মের আওতায় আনাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।