খগেন মুর্মু আক্রান্ত হওয়ার ঘটনা পুনরায় তদন্তের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
গত বছরের অক্টোবরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সময় নাগরাকাটার বামনডাঙা গ্রামে ত্রাণ বিলি করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিজেপির দাবি, শাসকদলের মদতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছিল। যদিও পুলিশ ঘটনার পর ছয়জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু এফআইআরে নাম থাকা মূল আটজন অভিযুক্ত এখনও অধরা। আলিপুরদুয়ারের এক জনসভা থেকে এই মামলার তদন্ত পুনরায় শুরু করার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের সভা থেকে আদিবাসী উন্নয়ন ও চা বাগান সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি জানান, আদিবাসী অধ্যুষিত ১৬টি আসনেই বিজেপি জয়লাভ করেছে, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, আদিবাসীদের সরকারি ভাতা ও স্পেশাল রেশন প্যাকেজের খতিয়ান তুলে ধরে চা বাগানের দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
সভার আগে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর আশ্রম হস্টেলে আকস্মিক পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসী পড়ুয়াদের মাসিক ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করার পর, সেই সুবিধা তারা ঠিকমতো পাচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। এছাড়া ভার্চুয়ালি রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেল কর্তৃপক্ষের সঙ্গেও তিনি বৈঠক করেন।