রাজ্য পুলিশের ওএসডি পদে ফিরলেন প্রাক্তন ডিজি অজয় কুমার

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অজয় কুমারকে পুনরায় বিশেষ পদে ফিরিয়ে আনল নবান্ন। তাঁকে ডিজিপি পদমর্যাদার অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেল থেকে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। কাজে যোগ দেওয়ার দিন থেকে আগামী এক বছরের জন্য তিনি এই পদে বহাল থাকবেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের গত ২৯ অক্টোবরের নির্দেশিকা এবং রাজ্যপালের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই বিশেষ পদ সৃষ্টির ক্ষেত্রে অর্থ দফতরেরও প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে তিনি নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন। এই এক্স-ক্যাডার পদের যাবতীয় আর্থিক ব্যয় রাজ্য বাজেটের নির্দিষ্ট খাত থেকে মেটানো হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর (অ্যাকাউন্টস) এই পদের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র দফতরের ওএসডি তথা এক্স-অফিসিও সিনিয়র স্পেশাল সেক্রেটারি জিতেন্দ্র রায়ের স্বাক্ষরিত এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্য পুলিশের ডিজি, আইজিপি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলিতে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের সদর দফতরে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সম্পন্ন অজয় কুমারের এই প্রত্যাবর্তন পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *