তৃণমূল কংগ্রেস এখন ‘যাত্রাদল’, কটাক্ষ শমীক ভট্টাচার্যের
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত বিজেপির বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। দলের অন্দরে প্রতীক নিয়ে চলা বিবাদকে কেন্দ্র করে তিনি তৃণমূলকে ‘যাত্রাদল’ বলে কটাক্ষ করেছেন। শমীকের দাবি, যে দল একসময় ভারত সরকারের বিরুদ্ধে সরব হতো, আজ তারা নিজেদের প্রতীকের অধিকার নিয়ে নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, শীতের মরসুমে চিৎপুরের যাত্রাদল যেমন গ্রামে-গঞ্জে ঘুরে বেড়ায়, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমনই। ‘ঘাসফুল তুমি কার’—এই শিরোনামে তৃণমূল এখন নতুন পালা শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, বাম ও তৃণমূলের মধ্যে গোপন আঁতাত রয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। সিপিআইএম এবং তৃণমূলের এই সম্পর্ককে তিনি রাজনৈতিক ‘প্রেম’ বলে কটাক্ষ করেছেন।
শমীকের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি বলেন, রাজনৈতিক দলের উত্থান-পতন স্বাভাবিক। বিজেপির জয়লাভের নেপথ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, শমীক ভট্টাচার্যের মতো একজন মানুষের মুখে এই ধরনের ভাষা শোভা পায় না। প্রতিমা মণ্ডলের মতে, রাজনীতিতে প্রতিটি দলকে সম্মান জানানোই একজন শিক্ষিত মানুষের সংস্কৃতির পরিচয়।