আইনি ফি নিয়ে বিধায়কের তোপের কড়া জবাব দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বিধায়ক আখরুজ্জামানের তোলা আয়ের উৎস ও পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিলেন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধায়কের দাবি ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে দিয়ে মামলা লড়ানোর বিষয়টি নিয়ে সরকার শ্বেতপত্র প্রকাশ করুক। পাশাপাশি, তাঁর আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন তিনি।
পাল্টা জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০২০ সাল থেকে কলকাতা হাইকোর্টে প্রতিটি হিয়ারিংয়ের জন্য তিনি দেড় লক্ষ টাকা এবং সুপ্রিম কোর্টে তিন লক্ষ টাকা ফি নেন। তিনি স্পষ্ট করেন, সাধারণ মক্কেলদের জন্য যে ফি ধার্য করেন, সরকারের ক্ষেত্রেও তিনি একই ফি নিয়ে থাকেন। নিজেকে প্যানেল আইনজীবী নয়, বরং স্পেশাল কাউন্সিল হিসেবে উল্লেখ করে তিনি জানান, সরকারের সব মামলায় তিনি লড়েন না।
নিজের দীর্ঘ আইনি ক্যারিয়ারের কথা তুলে ধরে কল্যাণ বলেন, তিনি যখন ডিগ্রি পাশ করেছিলেন, তখন আখরুজ্জামানের জন্মই হয়নি। সিঙ্গুর মামলা থেকে শুরু করে রিজওয়ানুর রহমান মামলা—নিজের বিভিন্ন আইনি সাফল্যের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি, গরিব মানুষের জন্য বিনামূল্যে বহু মামলা লড়ার দাবিও করেছেন সাংসদ। তিনি জানান, একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া গরিবদের জন্য বিনামূল্যে মামলা লড়ার ক্ষেত্রে তাঁর মতো আর কেউ নেই।