দলের অন্দরে সোশ্যাল মিডিয়া প্রবণতা নিয়ে কড়া বার্তা কুণাল ঘোষের

সোশ্যাল মিডিয়ায় দলের একাংশের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে তিনি দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে তেল মারা, অন্যের নাম জড়িয়ে পোস্ট করা এবং নির্দিষ্ট ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস তৈরির মতো প্রবণতার অভিযোগ তুলেছেন। ফেসবুকের লাইক ও ফলোয়ারের সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে তুলে ধরার মানসিকতাকেও তিনি তীব্র কটাক্ষ করেছেন।

কুণাল ঘোষের অভিযোগ, সাংগঠনিক কাজে যুক্ত না থেকে অনেকে কেবল বিজয় মিছিল বা জিন্দাবাদ স্লোগান দিতেই ব্যস্ত থাকছেন। ইন্টারনেট থেকে ছবি নিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরির মতো হালকা মানসিকতা দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, মানুষের ভুল হতে পারে, কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি দলের পক্ষে আত্মঘাতী হয়ে উঠতে পারে। কয়েকজনের অপরিণত আচরণের জন্য বাকিদের ক্ষতি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

তৃণমূল নেতা আরও উল্লেখ করেছেন, বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত ও ঘরছাড়া হয়েও নেত্রীর প্রতি অনুগত রয়েছেন। সেই ত্যাগের কথা মাথায় রেখে এই কঠিন পরিস্থিতিতে কোনো ধরনের অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজকর্ম দলের জন্য কাম্য নয়। দল এখন গদ্দারমুক্ত পরিবেশে রয়েছে এবং এই পরিস্থিতিতে কর্মীদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

সবশেষে কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, বারবার বুঝিয়ে বলার পরেও যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দলের অন্দরের এই ক্ষোভ ও সতর্কবার্তা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *