অসমে টুর্নামেন্ট চলাকালীন হাতাহাতিতে জড়াল ইস্টবেঙ্গল, কাঠগড়ায় রেফারিং
অসমে আয়োজিত কৃপেশ চন্দ্র পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। সেমিফাইনালে আইজল এফসি-র বিরুদ্ধে ম্যাচটি ৩-১ গোলে জিতলেও, খেলার শেষ মুহূর্তে দুই দলের ফুটবলারদের মধ্যে তীব্র হাতাহাতি ও মারামারি শুরু হয়। এই ঘটনায় ইস্টবেঙ্গল ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্যের গালে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাচের শেষলগ্নে ইস্টবেঙ্গলের মহম্মদ বিলালের সঙ্গে আইজলের এক ফুটবলারের বিবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইজলের গোলকিপার বিলালকে আঘাত করেন, যা দ্রুত বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত মাঠে পুলিশ নামাতে হয়।
এই ঘটনার জন্য টুর্নামেন্টের আয়োজক, রেফারি এবং ম্যাচ কমিশনারের ব্যর্থতাকে দায়ী করেছেন অঙ্কন ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, মাঠে খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটের অভাব ছিল এবং রেফারিং অত্যন্ত নিম্নমানের ছিল। উল্লেখ্য, আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফাইনালে ডিএসএ শ্রীভূমি একাদশের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।