অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে
November 22, 2026
হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের তৎপরতায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি।
পরবর্তী সময়ে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তিনি বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং তাঁর জ্ঞান নেই। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন দলীয় কর্মী ও সমর্থকরা।