চন্দননগরে রেললাইন পেরিয়ে বিসর্জনে দেবী জগদ্ধাত্রী, সাময়িক বন্ধ ট্রেন চলাচল
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে দেখা গেল এক অনন্য দৃশ্য। সুভাষপল্লি উত্তরপাড়া পুজো কমিটির বিশাল আকৃতির প্রতিমা সাবওয়ে দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায়, রেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে রেললাইন পেরিয়ে বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
বাঁশের খাঁচায় শক্ত করে দড়ি বেঁধে পুজো কমিটির সদস্যরা কাঁধে করে বিশাল প্রতিমা রেললাইন পার করেন। এই দৃশ্য দেখার জন্য চন্দননগর স্টেশনে প্রচুর মানুষের ভিড় জমেছিল। ট্রেনের যাত্রী থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থীরা এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে আবার ট্রেনের কামরা থেকেই দেবীকে প্রণাম জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেল পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেট ও প্রশাসনের আধিকারিকরা তৎপর ছিলেন। শেওড়াফুলি জিআরপি থানার ওসি হ্যান্ড মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণ করেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানান। পুজো কমিটির সদস্যদের মতে, প্রতিমার উচ্চতার কারণে সাবওয়ে দিয়ে নিয়ে যাওয়ার সময় ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে, তাই প্রশাসনের অনুমতি নিয়ে দীর্ঘদিনের প্রথা মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়।
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে থাকা ১৮০টি পুজোর মধ্যে রবিবার রাতে ৬৪টি বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেবে। তার আগে সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে নিরঞ্জন পর্ব চলছে। রেললাইন পেরিয়ে দেবীর এই গমন দেখতে বহু মানুষ স্টেশনে ভিড় জমান, যা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর এক বিশেষ ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।